২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে দুই যুবকের পোড়া লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত পরিচয় দুই যুবকের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 12:22 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

দুই যুবককে শ্বাসরোধে হত্যার পর পরিচয় গোপন করতেই লাশ পুড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার উপজেলার কাটাখালি ব্রিজের কাছে একটি গম ক্ষেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, ভোরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

“আনুমানিক ২২ থেকে ২৫ বছর বয়সী দুই যুবককে অন্য কোনো এলাকা থেকে ধরে এনে দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরে আলামত নষ্ট করতে আগুন কিংবা অন্য কোন দাহ্য পদার্থ দিয়ে তাদের মাথা থেকে হাটু পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে,” বলেন ওসি মোজাম্মেল।

দুজনের পরনে প্যান্ট ও পায়ে জুতা রয়েছে। গলায় পেঁচানো গামছাটি পুড়ে শরীরের সঙ্গে মিশে গেছে বলে জানান তিনি।