২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘সুপথে’ ফেরার অঙ্গীকার  ২০ মাদক বিক্রেতার

মাগুরা শহরের নান্দুয়ালী এলাকার ২০ মাদক বিক্রেতা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। 

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 01:00 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

বৃহস্পতিবার রাতে মাগুরা পুলিশ সুপারের কাছে তারা এই অঙ্গীকার করে সুস্থ জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেন।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন।

মাগুরার নবনির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, পৌর নির্বাচনের আগে নান্দুয়ালীকে ‘মাদকমুক্ত করার’ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই ২০ জনের স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারের মধ্য দিয়ে তার ‘কিছুটা হলেও’ পূরণ হয়েছে ।
এ বিষয়ে পুলিশ সুপার এহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগুরায় যোগ দেওয়ার সময় তিনি জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেছিলেন। এর ধারাবাহিকতায় মাদকবিক্রেতা ও এর সঙ্গে সংশিষ্টদের সনাক্ত করতে শহরে ২০টি স্থানে চেকপোস্ট এবং ৪০ স্থানে সিসি ক্যামেরা বসিয়ে অভিযান চালানো হচ্ছে।

“মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুয়োগ দিচ্ছি আমরা। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি, জেলা প্রশাসন, পৌর মেয়র, সমবায় ও সমাজসেবা অধিদপ্তর এবং রাজনীতিদের সহায়তা নিয়ে তাদের কাজের ব্যবস্থা করা হচ্ছে।”

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করা এই ২০ জন হলেন- শাহিনুর, শাহিন, জাহিদ, রাজ্জাক, মো. আলী, আলম, রসুল, রাশেদ, মনিরুল, সোহেল, মজনু, রেজাউল, কাশেম, বাশার, আমিরুল, রফিক, সলেমান, আইয়ুব, ডালু ও মুক্তার।

এদের নামে মাদক আইনে মামলা রয়েছে এবং অনেকেই মাদকসহ গ্রেপ্তার হয়ে এর আগে হাজতবাস করেছেন বলে পুলিশ সুপার জানান।

এদের মধ্যে কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জীবিকার জন্য আমি মাদক বিক্রি করতাম। তবে এখন পৌর মেয়র আর এলাকাবাসীর সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”

পৌর মেয়র খুরশীদ হায়দার টুলুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যে প্রতিশ্রতি দিয়েছিলাম, পুলিশ সুপারের সহযোগিতায় তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ প্রচেষ্টা অব্যহত থাকবে।”

নান্দুয়ালী বিশ্বাস পাড়া মসজিদ এতিমখানার মাদ্রাসার সভাপতি আকরাম বিশ্বাস বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলে এলাকার মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় তারা ‘খুশি’।