ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডবের ঘটনায় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টায় গ্রেপ্তারকৃতরা হলেন শহরের কান্দিপাড়ার হাফিজ আহমেদের ছেলে সুমন মিয়া (৩২), মুহম্মদ আলীর ছেলে নূর সৈয়দ (৩২), তাহের মিয়ার ছেলে লিটন মিয়া (৩০), কফিল উদ্দিনের ছেলে জিয়াউল কবির (১৯) ও ঘাটুরার বাহার সরকারের ছেলে নয়ন সরকার (১৯)।
সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. ইসতিয়াক বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, মাদ্রাসাছাত্র নিহতের জেরে গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় মাদ্রাসার ছাত্রসহ কিছু দুর্বৃত্ত। সে সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে পুলিশ হামলাকারীদের শনাক্ত করে একটি তালিকা তৈরি করেছে।
সেই তালিকার অন্যতম পাঁচ আসামিকে শহরের জগৎ বাজারের কালামিয়ার বিল্ডিংয়ের দোতালা থেকে দুটি চাপাতি এবং একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে উপ-পরিদর্শক জানান।
গত ১১ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পুলিশ-ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে আহত হন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে শহরজুড়ে তাণ্ডব চালায় সহপাঠীরা।
এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও রেলস্টেশন ভাংচুর করা হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাংচুরের পাশাপাশি সুর সম্রাটের স্মৃতিবিজড়িত বিভিন্ন বাদ্যযন্ত্রও পুড়িয়ে দেয় মাদ্রাসাছাত্ররা।
হামলা ও ভাংচুরের ঘটনায় রেলওয়ে, পুলিশ ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ মোট ১১টি মামলা করেছে। সব মামলায় অজ্ঞাতপরিচয় কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে।
