নেতাকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার অভিযোগ
ফেনীতে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমকে স্বাগত জানাতে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তার পাশে ৫ ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিক্ষার্থীদের এনে দুপুর ২টা পর্যন্ত ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের চিথলিয়া জলাখাল এলাকায় দাঁড় করিয়ে রাখা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।
ধনিকুণ্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জালাল উদ্দিন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলে, “সকালে স্কুলে যাওয়ার পর আমাদের বলা হয়, একটি অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করতে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সড়কে দাঁড়াতে হবে।”
চারগ্রাম সমিতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী কাজী মায়মুনা আক্তার বলে, “গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার স্কুলের ষষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছে।”
চন্দনা উচ্চবিদ্যালয়ের মর্জিনা আক্তার বলে, “আগামী মাসে আমাদের এসএসসি পরীক্ষা। বাসায় যেখানে পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ালেখা করব, সেখানে সকালে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হয়েছে।”
এই তিনটি ছাড়াও চিথলিয়া নাসির উদ্দিন আহম্মেদ উচ্চবিদ্যালয় ও ধনিকুণ্ডা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদেরও দাঁড় করিয়ে রাখা হয়।
চিথলিয়া জলাখাল এলাকায় আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমের নামে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসেন নাসিম নিজে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেরও প্রধান অতিথি ছিলেন তিনি।
দুপুর ১টার দিকে তিনি কলেজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যাওয়ার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয় এবং বেলা ২টায় অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে।
এ বিষয়ে জিজ্ঞেস করলে কোনো শিক্ষক কথা বলতে চাননি।
তবে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নাসিম বলেন, তাকে বরণ করতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার জন্য তিনি কোনো নির্দেশনা দেননি।
