ভেজাল লুব্রিক্যান্ট তৈরির অভিযোগে কারাখানা বন্ধ
পোড়া মবিল থেকে লুব্রিকেন্ট তৈরি করে বিক্রির অভিযোগে সাভারে একটি কারখানার তিন মালিককে ছয় লাখ টাকা জরিমানা ও কারখানাটির উৎপাদন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার ‘লিলি অয়েলস লিমিটেড’ কারখানায় র্যাবের সহায়তায় এ অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।
এ সময় র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
আনিছুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পোড়া মবিল সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় রিসাইক্লিং করে লুব্রিকেন্ট তৈরি করে বিভিন্ন পত্রিকায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ‘লুব ওয়েল’ বলে বিক্রি করছে
“প্রতারিত একাধিক ক্রেতার অভিযোগের ভিত্তিতেই ‘লিলি অয়েলস লিমিটেড’ কারখানায় অভিযান চালানো হয়।”
অভিযানে কারখানাটির তিন মালিক আকবর হোসেন, জাহাঙ্গীর আলম ও শেখ এহছানুল হককে দুই লাখ করে ছয় লাখ টাকা জরিমানা ও কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
