শোরুমে তালা ভেঙ্গে ৭ লাখ টাকার মালামাল লুট
সাভারের আশুলিয়ায় একটি ইলেকট্রনিক শোরুমের তালা ভেঙে প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
এ সময় ডাকাতদের হামলায় শোরুমের নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে আনোয়ার জং সড়কের সরকার মার্কেট এলাকায় ‘সামিয়া ইলেকট্রনিক’ এ এ ঘটনা ঘটে বলে জানান শোরুমের মালিক এস এম সুমন।
আহত আমিনুর রহমানকে (৩০) স্থানীয় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমন বলেন, “ভোরে ডাকাতরা শোরুমের শার্টারের তালা কেটে ভেতরে ঢুকে সাতটি ফ্রিজ, পাঁচটি সিআরটি টেলিভিশন, দুইটি এলইডি টেলিভিশন, তিনটি সেলাই মেশিন, আটটি সাউন্ড সিস্টেমসহ সাত লাখ টাকার মালামাল লুট করে।”
“এ সময় নিরাপত্তাকর্মী আমিনুর তাদের বাধা দিলে ডাকাতরা তার মাথায় আঘাত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।”
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
