সেতুর অভাবে ধুঁকছে গাইবান্ধার ৩টি ইউনিয়ন
গাইবান্ধার রামডাকুয়ায় একটি সেতু মেরামত না করায় সুন্দরগঞ্জ উপজেলা শহরের সাথে বেলকা, হরিপুর ও তারাপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে।
উপজেলার হরিপুর ইউপি সদস্য বিদ্যুৎ কুমার বলেন, “সুন্দরগঞ্জ-বেলকা সড়ক দিয়ে বেলকা, হরিপুর ও তারাপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন উপজেলা শহরে যাতায়াত করেন। কিন্তু সেতু বিধ্বস্ত হওয়ায় উপজেলা শহরের সঙ্গে তিনটি ইউনিয়নের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
বেলকা ইউনিয়নের ইউনিয়নের মধ্যবেলকা গ্রামের স্কুল শিক্ষক আব্দুল জোব্বার মিয়া বলেন, “আট কিলোমিটার ঘুরে এলাকার লোকজনকে উপজেলা শহরের সাথে যোগাযোগ করতে হচ্ছে।
“বিশেষত এলাকার ছাত্রছাত্রীরা উপজেলা শহরের স্কুল-কলেজে যেতে বিড়ম্বনা পোহাচ্ছে।”
২০১৩ সালে এ সড়কের রামডাকুয়ায় মরা তিস্তা নদীর উপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। তখন থেকে এটি রামডাকুয়া সেতু হিসেবে পরিচিত।
গত ২৩ অগাস্টে বন্যার তোড়ে সেতুটির কিছু অংশ ভেসে যায়। উভয়পাশের সংযোগ সড়কও বিলীন হয়ে যায়।
তারাপুর ইউনিয়নের চরখোদ্দা গ্রামের কৃষক কাশেম মিয়া বললেন, “পৌরসভা ভোটের আগোত সগলে বিরিজ (সেতু) ভালো করি দিবার চায়্যা ভোট নিচে। ভোটোত জেতার পর তামার ঘরে আর চেহারা দেকা যায় না।”
বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের রিকশাচালক শহীদুল মিয়া জানান, উপজেলা শহর থেকে তার বাড়ি ১১ কিলোমিটার দূরে।
আগে বাড়ি থেকে রিকশায় করে যাত্রী নিয়ে শহরে আসতেন। এখন শহরে ২০ টাকা ভাড়া দিয়ে গ্যারেজে রিকশা রেখে বাড়ি যেতে হচ্ছে তাকে।
সেতু মেরামতের ব্যাপারে জানতে চাইলে সুন্দরগঞ্জ পৌরসভার পুনর্নির্বাচিত মেয়র আব্দুল্লাহ আল মামুন বলেন, “সেতুটি নির্মাণের মতো অর্থ পৌরসভায় নেই। ফলে এই মুহূর্তেই সেতুটি নির্মাণ কিংবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করা যাচ্ছে না।”
তবে সেতুটি মেরামতে অর্থ বরাদ্দ চেয়ে এলজিআরডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।
