শীতে জবুথবু রংপুর
মাঘের শুরুতেই জেঁকে বসা শীত, সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি আর বাতাসের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে রংপুরের জনজীবন।
রংপুর আবহওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমে যাওয়ায় কারণে শীতের তীব্রতা বেড়েছে। সামনে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে; যা থাকবে কয়েকদিন।
আবহাওয়াবিদ মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রংপুর জেলায় ১১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
“ঘন কুয়াশা আর আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রিতে নেমে আসায় শীতের তীব্রতা বেড়েছে। মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যা কয়েক দিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।”
রংপুরের সিভিল সার্জন মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত দুদিনে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ৫০ জন শিশু ও বৃদ্ধ ভর্তি হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক জানান, দুই দফায় জেলার আট উপজেলার মানুষদের মাঝে ৫০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
