২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

হেরোইনসহ আটক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

আসামির বিরুদ্ধে ৮৭ লাখ টাকা মূল্যের হেরোইন নিজের হেফাজতে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার এ সাজা দেন।

দণ্ডিত মো. মিশন বগুড়া জেলার শাহজাহানপুর থানার বালুহারা গ্রামের মঞ্জুর রহমানের ছেলে।

তার উপস্থিতিতেই রায় দেওয়া হয়েছে বলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুজ্জোহা জানিয়েছেন।

তিনি জানান, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর বেলা ১২টা ৪০ মিনিটের সময় আসামি মো. মিশন দামুড়হুদা শহরের পূর্বাশা পরিবহন কাউন্টারের সামনে থেকে এক কেজি ৭শ’ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন।

ওইদিনই দামুড়হুদা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে দামুড়হুদা থানার এসআই মহব্বত আলী অভিযোগপত্র প্রদান করেন।

সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশও দেন তিনি।

দুপুরে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।