গাজীপুরে বাসের ধাক্কায় পুলিশ সার্জেন্ট আহত
গাজীপুরে দায়িত্ব পালনকারী এক ট্রাফিক সার্জেন্ট বাসের ধাক্কায় আহত হয়েছেন।
বুধবার সকালে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন।
আহত মো. ইকবাল হোসেন (৩৮) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহকারী পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চান্দনা চৌরাস্তা মোড়ে দায়িত্ব পালনের সময় ময়মনসিংহগামী ‘আলম এশিয়ার’ একটি বাস ইকবাল হোসেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর বাস চালক বেলাল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। বেলাল ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালাদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তাকে জয়দেবপুর থানায় রাখা হয়েছে।
