বরিশাল মেডিকেলের নতুন পরিচালক সিরাজুল ইসলাম
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসএম সিরাজুল ইসলামকে পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিরাজুল ইসলাম বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের শৃঙ্খলা বিভাগের উপপরিচালক।
হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার হাসপাতালের পরিচালক মো. নিজামউদ্দিন ফারুককে সাময়িক বরখাস্ত করা হলে পদটি শূন্য হয়।
একই ঘটনায় হাসপাতালের উপপরিচালক মো. সহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল জলিলকেও সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।
এছাড়া মঙ্গলবার হাসপাতালে পাঠানো মন্ত্রণালয়ের এক ফ্যাক্সবার্তায় ২২৬ কর্মচারীর নিয়োগ স্থগিত করা হয়েছে।
