২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ

বরিশালের মুলাদীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে খুন্তি গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সাথী বেগম (২২) উপজেলার চরপৈক্ষা গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী।

হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এমএ আজাদ সজল জানান, সাথীর মুখমণ্ডল, ঘাড় ও ডান হাতে ছ্যাঁকার চিহ্ন রয়েছে।

সাথী জানান, তার বাবার বাড়ি উপজেলার খাসেরহাট গ্রামে। ২০০৯ সালে একই উপজেলার চরপৈক্ষা গ্রামের মামুন হাওলাদারের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

তাদের দুই বছর বয়সী একটি ছেলে আছে বলেও জানান তিনি।

ওই গৃহবধূ অভিযোগ করেন, বিভিন্ন সময় নানা অজুহাতে তার কাছে যৌতুক দাবি করত শ্বশুর বাড়ির লোকজন। বিয়ের সময় বাবার বাড়ি থেকে দেওয়া গয়না বিক্রি করে মুলাদী সদরে নিজের নামে জমিও কিনেছে মামুন।

“সম্প্রতি ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে মামুন।”

গত ১৪ ডিসেম্বর বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে স্বামীকে দাবি করে তিনি বলেন, “এক মাস না যেতেই বাকি ৩ লাখ টাকার জন্য নির্যাতন শুরু করে। শনিবার রাতে মারধর কলে এবং রোববার ভোরে কিছু বুঝে ওঠার আগেই খুন্তি গরম করে গালে ছ্যাঁকা দেয় মামুন।”

অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে না নিয়ে ঘরের মধ্যে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন সাথী।

সোমবার খবর পেয়ে বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।

তবে স্ত্রীকে খুন্তির পুড়িয়ে ছ্যাঁকা দেওয়ার কথা অস্বীকার করেন মামুন। তাকে ফাঁসানোর জন্য সাথী নিজেই ছ্যাঁকা দিয়েছে বলে দাবি করেন তিনি।

মামুন পাল্টা অভিযোগ করেন, একই এলাকার এক ছেলের সঙ্গে দেড় বছর আগে সাথীর প্রেমে সম্পর্ক গড়ে ওঠে। সাথী তাকে তালাক দিয়ে ওই ছেলেকে বিয়ে করতে চায়।

“রোববার ভোরে সাথীর ডাক চিৎকার শুনে ঘুম থেকে উঠে রান্না ঘরে গিয়ে দেখি নিজের গালে খুন্তির ছ্যাঁকা দিচ্ছে।”

এ সময় সাথী তাকে জেল খাটানোর হুমকি দেয় বলেও অভিযোগ করেন মামুন।

মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ নেই। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।