২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে পাহাড়িদের ৩০০ কিলোমিটার মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটি ও বান্দরবানে মানববন্ধন করেছে পাহাড়িদের কয়েকটি সংগঠন। তবে খাগড়াছড়িতে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 08:00 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

সোমবার সকাল ১০টায় বান্দরবানের ঘুনধুম থেকে খাগড়াছড়ির দুদুকছড়া পর্যন্ত এই কর্মসূচি আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখা এবং সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক।

এই তিন সংগঠনের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান গত শনিবার ৩০০ কিলোমিটারব্যাপী এ মানববন্ধনের ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণ হলেও খাগড়াছড়িতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শান্তিচুক্তি বাস্তবায়ন ছাড়াও সমতল অঞ্চলে বসবাসরত আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবিও জানায় তারা।

রাঙামাটি

সকাল ১০টার দিকে শহরের বনরূপা, জেলা প্রশাসন কার্যালয় চত্বর, কল্যাণপুর, মানিকছড়িসহ রাঙামাটি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন দাবি-দাওয়া লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। শহরের কল্যাণপুর এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাসহ অন্য নেতৃবৃন্দ।

এছাড়া লংগদু উপজেলায় মানববন্ধনে বক্তব্য দেন চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়।

বান্দরবান

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বান্দরবান শহরসহ জেলার বিভিন্ন এলাকায় মানববন্ধনে অংশ নিয়েছে কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ।

জেলা শহরসহ লাইন ফারুকপাড়া, ডলুপাড়া, বান্দরবান-থানছি সড়কের ১৬ মাইল পয়েন্ট, টংকাবতী, লামা উপজেলা, নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পার্বত্য চট্টগ্রামের হেডম্যান নেটওয়ার্ক সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তারাছা মৌজা হেডম্যান উনিংহ্লা মানববন্ধনে বক্তব্য দেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কর্মসূচি পালন করে যাবেন বলে তিনি ঘোষণা দেন।

খাগড়াছড়ি

তবে ৩০০ কিলোমিটার মানববন্ধনের অংশ হিসেবে খাগড়াছড়িতে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

কর্মসূচি ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।

কর্মসূচি পালন করতে না পেরে টং-রেস্টুরেন্টে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্রগ্রাম নাগরিক কমিটির সদস্যসচিব ইউ কে জেন, সদস্য সাবেক অধ্যক্ষ বৌধিসত্ত্ব দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।