২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতির কক্ষে তল্লাশি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি এম মিজানুর রহমান রানা এবং তার কয়েকজন সহযোগী হল ছাড়ার পর তাদের কক্ষে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 04:40 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে চালানো এ তল্লাশিতে মাদকের খালি বোতল ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২১, ২২২, ২২৪, ২৩২ ও ২৩৩ নম্বর কক্ষে থাকতেন তারা। রানা থাকতেন ২৩৩ নম্বরে।

তল্লাশি শেষে প্রক্টর সাংবাদিকদের বলেন, রুমগুলোতে মিজানুর রহমান রানা ও তার অনুসারীরা থাকতো। শনিবার রাতে তারা হল ত্যাগ করার সময় কিছু জিনিসপত্র বাইরে ফেলে রেখে যায়।

“কক্ষগুলোতে শিক্ষার্থীসুলভ কোনো পরিবেশ লক্ষ্য করা যায়নি। তাদের কক্ষগুলো থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাদকের খালি বোতল পাওয়া গেছে।”

ছাত্রনেতাদের রুম থেকে মদের বোতল পাওয়া অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ২২২ নম্বর কক্ষ থেকে লাল টেপ জড়ানো বোমাসদৃশ একটি সার্কিট পাওয়া গেছে বলে জানান প্রক্টর।

এই কক্ষগুলোতে নতুন করে শিক্ষার্থীদের উঠানো হবে কিনা জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ আশরাফ উজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান রানার অনুসারীরা ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনিকে রড দিয়ে পিটিয়ে আহত করে। ওইদিনই রানাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

ওই রাতেই তারা হল ছেঢ়ে চলে যান।