২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৫ খুনের ‘ছায়া তদন্তে’ র‌্যাব

নারায়ণগঞ্জ শহরে শিশুসহ এক পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনাটি পুলিশ ও বিভিন্ন সংস্থার পাশাপাশি র‌্যাবও তদন্ত করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 01:35 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

রোববার সকালে ঘটনাস্থল নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় পাঁচতলা ভবনের নিচতলার ওই ফ্ল্যাট পরিদর্শন করেন র‌্যাবপ্রধান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “দুজন শিশু, দুজন মহিলা ও একজন পুরুষকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি জেলা পুলিশ তদন্ত করছে। অন্যান্য সংস্থাও ঘটনার তদন্ত করছে, পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করছে।

“আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে পারব।”

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহাফুজুল হক নুরুজ্জামান এ সময় তার সঙ্গে ছিলেন।

শনিবার রাতে ভবনটির নিচতলার ফ্ল্যাট থেকে দুই শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন- তাসলিমা বেগম (৪০), তার দুই সন্তান শান্ত (১০) ও সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং তাসলিমার জা লামিয়া (২৫)।

হত্যাকাণ্ডের ঘটনায় তাসলিমার স্বামী শফিকুল, তার ভাই লামিয়ার স্বামী শরীফ মিয়া, তাদের ভাগ্নে মাহফুজ এবং নিহত মোরশেদের খালাতো ভাই শাহাজাদাকে জিজ্ঞাসবাদ করছে পুলিশ।

এ ঘটনায় রোববার সকালে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন শফিকুল। 

র‌্যাব মহাপরিচালক বেনজীর বলেন, “দুই শিশুকে খুন করা হয়েছে তারা যাতে এ ঘটনার সাক্ষী না হতে পারে। বিশেষ করে একটি বাড়িতে পাঁচজনকে খুন করা- আমাদের জন্য এটি একটি মারাত্মক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

বিষয়টি পারিবারিক বা বিভিন্ন কারণেও ঘটে থাকতে পারে জানিয়ে তিনি বলেন, “সব বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে।”

ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মাহাফুজুল হক নুরুজ্জামান বলেন, “হত্যার কারণ হিসেবে যেসব বিষয় উঠে এসেছে, সবগুলোই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি অন্য সংস্থাও তদন্ত করছে।”

দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে বলে আশা করছেন ডিআইজি।

এদিকে লাশের সুরতহাল ও বিভিন্ন আলামত সংগ্রহকারী সিআইডি প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বলছে, খুনিরা পেশাদার ছিল না।

সকালে নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনিরা পেশাদার নয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের পর তাদেরকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

“তাদেরকে আগে অচেতন করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। আমাদের ফরেনসিক টিম সব আলামত সংগ্রহ করেছে। সেগুলো পরীক্ষার পর কখন, কিভাবে হত্যা করা হয়েছে- তা নিশ্চিত করে বলা যাবে।”

নিহত মোরশেদের সঙ্গে ঢাকার একটি পক্ষের সঙ্গে সুদের টাকা নিয়ে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে তার মা মুর্শেদা বেগম ও খালাতো বোনের স্বামী মোহাম্মদ মিলন জানিয়েছিলেন।

তবে হত্যার আগে ধর্ষণ এবং নিহতদের খাবারে বিষ কিংবা চেতনানাশক কিছু মেশানো হয়েছিল কিনা- সেসবও আমলে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

তদন্তে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে এর আগে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার ফোরকান আহমেদ জানিয়েছিলেন, মোরশেদুলের সঙ্গে কারও আর্থিক লেনদেন থাকতে পারে। অন্যটি হল সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা, বা খাবারে বিষ দেওয়া হয়েছে কিনা।

“কারণ ঘটনাস্থলে ধ্স্তাধস্তির কোনো আলামত নেই, প্রতিবেশীরাও কোনো চেঁচামেচি শোনেনি। সম্ভবত খাবারে চেতনানাশক কিছু মিশিয়ে সবাইকে অচেতন করে হত্যা করা হয়েছে।” 

চারজনকে জিজ্ঞাসাবাদ করে ও বিভিন্ন তথ্যের বিরাত দিয়ে তিনি বলেন, “আমাদের সন্দেহ, মাহাফুজের সঙ্গে নিহত লামিয়ার কোনো সম্পর্ক ছিল। মাহফুজের দ্বারা উত্ত্যক্ত হওয়ার কথা লামিয়া শরীফকে একবার জানিয়েছিল বলেও আমরা জেনেছি।”

তদন্তে সবকিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তা ফোরকান আহমেদ।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে এক পরিবারের পাঁচজন খুন