ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
এছাড়া পৃথক আরেকটি স্থানে ঘন কুয়াশায় কয়েকটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার সকালে কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কে এ দুই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই কানাই লাল দাস জানান, সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার সুহিলপুরে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে রনি ও তার ছেলের মৃত্যু হয় বলে জানান তিনি।
আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, সকাল ৬টায় ঘন কুয়াশার কারণে প্রথমে একটি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় উভয় পাশ দিয়ে দ্রুত গতিতে আসা আরও দুইটি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাস ও আরেকটি ট্রাক দুর্ঘটনায় পড়ে।”
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
