রাজশাহীতে অস্ত্রসহ কলেজছাত্র গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল ও গুলিসহ এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে আটক মো. তিতাস (১৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরশেদ আলীর ছেলে এবং শিবগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুঠিয়া থানার এসআই আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বেলপুকুর মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন।
“এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের যাত্রী তিতাসের কোমরে গোঁজা দুটি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ ১০ রাউন্ড গুলি পাওয়া যায়।
তিতাস ১০ হাজার টাকার বিনিময়ে এই অস্ত্র ও গুলি ঢাকার কলাবাগানে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
