পাঁচ মজুরকে যশোরে এনে ‘মুক্তিপণ আদায়’, আটক ১
পাঁচ দিনমজুরকে ভালো কাজ দেওয়ার লোভ দেখিয়ে ফরিদপুর থেকে যশোরে এনে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে।
আটক মো. রাব্বি (২৪) যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মনোয়ার হোসেনে মন্টুর ছেলে।
কোতোয়ালি থানার এসআই বরুণ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহৃত পাঁচজনকে শুক্রবার রাতে সদর উপজেলার সুজলপুর থেকে উদ্ধারসহ রাব্বিকে আটক করা হয়।
উদ্ধার হওয়া দিনমজুররা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার সদুরপাড়ার হোসেন আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০), খলিল উদ্দিনের ছেলে দুলু মিয়া (২৮) ও দরাজ উদ্দিনের ছেলে মোস্তফা (৩২) এবং নীলফামারী সদর উপজেলার তেপুরডাঙ্গা গ্রামের সাদেক আলীর ছেলে মিজানুর রহমান (২৭) ও পঞ্চগড় সদর উপজেলার জগদন গ্রামের হরমুজ আলীর ছেলে আইনাল হক (৩০)।
এসআই দিনমজুরদের বরাত দিয়ে জানান, শফিকুল, দুলু ও মোস্তফা ২৬ দিন আগে এবং মিজান ও আইনাল এক সপ্তা আগে ফরিদপুরে যান কাজের সন্ধানে।
মঙ্গলবার তারা ফরিদপুর শহরে বাজারের কাছে বসে ছিলেন। সে সময় দুই যুবক তাদের ভালো কাজের লোভ দেখিয়ে যশোরে এনে একটি হোটেলে রাখে। পরদিন যশোর শহরতলির ধর্মতলার একটি বাড়িতে আটকে রেখে মারধর করে।
দিনমজুর মোস্তফা অভিযোগ করেন, তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে তার বাড়িতে মোবাইল ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে অপহরণকারীরা এবং মিজান ও আইনালের কাছে থাকা দিনমজুরির ১০ হাজার টাকা কেড়ে নেয়।
“শুক্রবার রাত ৮টার দিকে আমাদের একটি ইজিবাইকে করে ধর্মতলা থেকে সুজলপুর গ্রামের দিকে নিয়ে যাচ্ছিল। ইজিবাইকে আমাদের সাথে বসা ছিলেন রাব্বি। আর মোটরসাইকেলে করে পাহারা দিচ্ছিল আরও দুইজন।”
সুজলপুর মোড়ে পৌঁছালে দিনমজুররা চিৎকার দেন এবং ইজিবাইক থেকে নেমে দৌড়ে গিয়ে একটি খাবার হোটেলে ওঠেন দুই দিনমজুর।
এ সময় মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত পালিয়ে গেলেও আশপাশের লোকজন এগিয়ে এসে রাব্বিকে আটক করে।
পরে এসআই বরুণসহ পুলিশ গিয়ে পাঁচ দিনমজুরকে উদ্ধার এবং রাব্বিকে আটক করে থানায় নিয়ে আসে।
