২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরম পানিতে স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গরম পানি ঢেলে এক গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 10:23 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

শুক্রবার আহত মনোয়ারা বেগমকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ দিন আগে তার স্বামী হাবিব মিয়া তার শ্বশুর বাড়ি (মনোয়ারার বাবার বাড়ি) গিয়ে মনোয়ারার ভাইয়ের স্ত্রীর কাছ থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে আসেন মনোয়ারার কথা বলে।

কয়েকদিন পর তার ভাইয়ের স্ত্রী মনোয়ারার কাছে চেইন ফেরত চাইলে বিষয়টি তিনি জানতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে স্বামী তার উপর নির্যাতন চালান বলে জানান মনোয়ারা।

তিনি বলেন, এর জেরে বৃহস্পতিবার সকালে হাবিব গরম পানি ঢেলে দেন মনোয়ারারা গায়ের উপর।

ওইদিন বিকালে তার বড় ভাই মনোয়ার বাড়ি বেড়াতে গিয়ে এই অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যান বলে মনোয়ারা জানান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আহমদ শিবলী মহিউদ্দিন জানান, তার বুক, পেট, হাত ও কোমর থেকে ডান পায়ের কিছু অংশ ঝলসে যায়।

উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ভালো হবে বলে জানান আহমদ শিবলী মহিউদ্দিন।