তাণ্ডবে একাত্তরের প্রেতাত্মারা: মুক্তাদির চৌধুরী
একাত্তরের রাজাকার-আলবদরদের প্রেতাত্মারা ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলনে এ ঘটনার দায় অস্বীকারের কয়েকঘণ্টা পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভাপতি এ মন্তব্য করেন।
শুক্রবার বিকালে শহরের আলাউদ্দিন খাঁ পৌর-মিলনায়তনে একটি গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘বেজন্মা’ ও ‘রাজাকার’ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের কেউ হামলা চালাতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
“যারা বাংলাদেশের সংস্কৃতি-কৃষ্টির বিরুদ্ধে এবং যারা এখনও পাকিস্তানি ভাবাদর্শ লালন করে আমরা তাদেরকে ধিক্কার জানাই।”
তিনি বলেন, অস্বীকার করার কোনো উপায় নেই গত মঙ্গলবার যখন মাদ্রাসা ছাত্ররা তাণ্ডব চালাচ্ছিল তখন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের প্রতি নমনীয় ছিলেন। যাদের মধ্যে ন্যূনতম কোনো মনুষত্ববোধ নেই তাদের প্রতি কিসের নমনীয়তা?
ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকেও নিজেদের একটি তদন্ত কমিটি করে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।
এরা হলেন আলোকচিত্রে মানিক লাল ভৌমিক, সঙ্গীত শিল্পী সন্ধ্যা রায়, যন্ত্র সঙ্গীতে মো. শামছুদ্দিন খান, লোক সংস্কৃতিতে দুর্গাচরণ দাস ও যাত্রা শিল্পে চন্দ্রা রাণী দাস।
সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিল্পীকে মেডেল, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
পরে সম্মাননাপ্রাপ্ত শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
মাসুদুর রহমান নামে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের মৃত্যুর পর গত মঙ্গলবার দিনভর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ও শহরের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মাদ্রাসার ছাত্ররা।
তবে শুক্রবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় তাদের ছাত্ররা জড়িত নয় বলে দাবি করে।
