২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিল-খাল দখলের অভিযোগ

গোপালগঞ্জের একটি হিন্দুপ্রধান এলাকার বিল ও সংযোগ খাল বিভিন্ন কৌশলে দখল করে নেওয়ার অভিযোগে জমির মালিকরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 09:21 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহমুদপুর গ্রামের মানুষ জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সাথে দেখা করে স্মারকলিপি দেয়।

গ্রামবাসীর মধ্যে অংশুপতি মিস্ত্রি, মনিমোহন সমদ্দার, পান্নু মোল্লা, তাপস বিশ্বাস, জিতেন বর, শান্তিরঞ্জন সরকার, শ্যামল সমদ্দারসহ প্রায় ৩০ জন জমির মালিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, উপজেলার পারুলিয়া গ্রামের দিদার হোসেন মাহমুদপুর বিলে ‘মাতবর এ্যাগ্রো ফিশারিজের’ নামে বিলের চারপাশ দিয়ে এবং বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে জমি কিনছেন এবং অন্যদের চাষাবাদে বাধা দিচ্ছেন।

সরজমিনে ঘুরে বিল দখলের নানা তৎপরতা দেখা গেছে।

দেখা গেছে, বিলের সংযোগ খালের মুখে বাঁধ দেওয়ায় কয়েক গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

কাশিয়ানীর এম খালেক ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী পারুলিয়া গ্রামের লাবণী আক্তার বলেন, “দিদার হোসেন অন্যদের জমি দখল করতেই ‘মাতবর এ্যাগ্রো ফিশারিজের’ নামে প্রকল্প করতে চান।

“ইতিমধ্যেই হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতনের হুমকি দেওয়া শুরু করেছেন। প্রকল্প চালু হলে এলাকার অন্তত ৫০০ হিন্দু পরিবার তাদের পেশা হারাবে।”

ওই গ্রামের সমরকৃষ্ণ মিস্ত্রি বলেন, “খামার করতে গিয়ে তারা মাহমুদপুর সংযোগ খালের মুখ বন্ধ করে দিয়েছে। ওই খাল দিয়ে মাহমুদপুর, সাতাশিয়া, গজারিয়া গ্রামের মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করত।

“খালের মুখ বন্ধ করে দেওয়ায় তিন গ্রামের মানুষকে পণ্য পরিবহন ও যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।”

মাহমুদপুর গ্রামের কৃষক কার্ত্তিক চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিদার হোসেন বিলের চারদিকে পরিকল্পিতভাবে খণ্ড খণ্ড জমি কিনে ঘিরে ফেলছেন। এছাড়া সরকারি খাল লিজ নিয়ে সেটাও মাটি কেটে দখল করছেন।

“এছাড়া তিনি অন্য জমির মালিকদের চাষাবাদে বাধা দিচ্ছেন। আবার তিনি তার জমির উপর দিয়ে সেচের পানি নিতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন। চাষাবাদ করতে না পারলে আমরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়ে যাব।”

মাহমুদপুর গ্রামের দিনমজুর শান্তিরাম সরকার বলেন, “বর্ষায় বিলে জাল পেতে মাছ ধরি। শাপলা-সালুক সংগ্রহ করে বাজারে বিক্রি করি।

“এখানে ফিশারিজ হলে আমাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। পেশা না থাকলে আমাদের দেশান্তরি হওয়া ছাড়া উপায় থাকবে না।”

মাতবর ফিশারিজের মালিক মো. দিদার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ বিলের মাহমুদপুর, সোনাডাঙ্গা ও লক্ষ্মীপুর মৌজার ১০০ বিঘা সম্পত্তি ৫ কোটি টাকা দিয়ে কিনেছি।

“এছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে খাল লিজ নিয়েছি। এখানে আমি পুকুর কেটে মাছ ও সবজি চাষ করব। এতে বিলের কৃষকের কোনো ক্ষতি হবে না। প্রজেক্ট শুরু করার পর বিভিন্নভাবে লোকেরা অকারণে বাধা দিচ্ছে।”

দিদার হোসেন হুমকি দিয়ে বলেন, “শান্তিপূর্ণভাবে প্রকল্প বাস্তবায়ন করতে না পারলে আমি আমার বিলের জমি আবাদ করব না এবং আমার জমির উপর দিয়ে সেচের পানি নিতে দেব না।”

জেলা প্রশাসক স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, “পানি উন্নয়ন বোর্ডকে এক দিনের মধ্যে খালের লিজ বাতিল করতে বলেছি। এ ছাড়া ফিশারিজের মালিককে ডেকে প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছি।”