সিলেটে রেমিটেন্সের বেশিটাই বাহারি অট্টালিকায়: ফরাসউদ্দিন
বছরে গড়ে বিদেশ থেকে আসা দেড় হাজার কোটি টাকা রেমিটেন্সের বড় অংশই বাহারি অট্টালিকা ও শপিংমল নির্মাণে ব্যয় হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সিলেটে এক সেমিনারে তিনি বলেন, “দেশে গড়ে যে ১৫শ’ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আসে তার বড় অংশই পাঠাচ্ছেন সিলেটের প্রবাসীরা। তবে এই অর্থের বড় অংশই ব্যয় হচ্ছে বাহারি অট্টালিকা আর বড় শপিংমল তৈরিতে।”
সিলেটে জমাকৃত ব্যাংক ডিপোজিটের এক চতুর্থাংশ বিনিয়োগে ব্যবহার হচ্ছে বলে জানান তিনি।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ: সিলেটের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর বলেন, “দেশের অগ্রগতির জন্য শিল্পায়নের বিকল্প নেই। কিন্তু সিলেট এক্ষেত্রে পিছিয়ে। শিক্ষা ও শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে।”
সিলেটকে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, “এই অঞ্চলে রয়েছে গ্যাসের বিপুল ভাণ্ডার। তেল, কেরোসিন, কয়লা, পাথর, বালির মজুদ রয়েছে। এছাড়া সম্প্রতি ইউরেনিয়াম পাওয়ার বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।”
রাবার, আগরের কাঁচামালসহ অনেক শিল্পের কাঁচামালই সিলেটে রয়েছে উল্লেখ করে শিল্পে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।
