কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসের ধাক্কায় শিশুসহ অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন; আহত হন শিশুটির মাসহ দুইজন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিজয়পুর এলাকায় কুমিল্লা-লাকসাম সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত কুমার পাল জানান।
নিহত শিশু সামিরের বয়স আনুমানিক দেড় বছর এবং অজ্ঞাতপরিচয় নারীটির বয়স আনুমানিক ৩০ বছর।
আহতদের মধ্যে একজন নারী, যিনি নিহত শিশুটির মা। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি বলেও ওসি জানান।
আহত দুজনকেই কুচাইতলী এলাকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি প্রশান্ত কুমার পাল জানান, দোয়েল পরিবহনের বাসটি বরুড়া বিজরা থেকে কুমিল্লা যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবোঝাই অটোরিকশাটি যাচ্ছিল লালমাই এলাকায়।
“বেপরোয়া গতিতে আসা বাসটির সঙ্গে বিপরীতগামী অটোরিকশার ধাক্কা লাগে। এতে ছোট বাহনটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এক নারী মারা যান। কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পর শিশু সামিরের মৃত্যু হয়।”
শিশুটির আহত মা ও আরেক ব্যক্তিকে সদর হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
