চাঁদাবাজির প্রতিবাদে বিবিরবাজার বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন সংগঠনের নামে-বেনামে পণ্যবাহী পরিবহনকে আসতে-যেতে চাঁদা দিতে হয়।
এর প্রতিবাদে বুধবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল হোসেন বলেন, “রোববার বিবিরবাজার স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতি এবং আমাদের অ্যাসোসিয়েশনের যৌথ সভায় অবৈধ চাঁদা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
“যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে বিবিরবাজার স্থলবন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।”
এর আগে চাঁদা বন্ধের জন্য প্রশাসনের কাছে ধর্ণা দিলেও প্রতিকার পাননি বলে দাবি করেন অ্যাসোসিয়েশনের নেতারা।
