বেনাপোলে রাজস্ব আদায়ে ঘাটতি
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোল বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।
বেনাপোল শুল্কভবনের কম্পিউটার (প্রোগ্রামার) শাখার কর্মকর্তা আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এক হাজার ৫০২ কোটি ৪৬ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে।
“বিপরীতে জুলাই-ডিসেম্বর পর্যন্ত এক হাজার ২৯১ কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও ২১১ কোটি ২৯ লাখ টাকা কম।”
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া, অহেতুক জরিমানা আদায় ও দিনের পর দিন ফাইল আটকে রাখাসহ নানা হয়রানির কারণে আমদানিকারকরা এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে রাজস্ব ঘাটতি হচ্ছে।
সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, শুল্কভবন ও বন্দরে হয়রানি, চোরাচালান রোধসহ বন্দরের অবকাঠামো উন্নয়ন ও অব্যবস্থাপনা দূর করতে পারলে রাজস্ব আদায় বাড়বে।
তবে ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে বেনাপোল শুল্কভবনের কমিশনার এএফএম আবদুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যবসায়ীরা পন্য এনে বিক্রি করতে না পারায় তারা আমদানি কমিয়ে দিয়েছেন। অন্যদিকে চোরাচালানের মাধ্যমে পণ্য আসা এবং দেশে শিল্প প্রতিষ্ঠান বাড়তে থাকায় আমদানি কমে গেছে।”
