২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জঙ্গি তৎপরতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান অর্থমন্ত্রীর

সিলেটে জঙ্গি হামলা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 05:59 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার দুপুরে বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, “সিলেটে আগেও জঙ্গি হামলা হয়েছে। এই গোষ্ঠি এখনও তৎপর রয়েছে। এদের তৎপরতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এমন কোনো কর্মকাণ্ড চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতেও বলেছেন মন্ত্রী।

এর আগে শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ আয়োজিত জেলার আলেম ও মাশায়েখদের সঙ্গে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায়’ সিলেটে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কার কথা জানান সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান।

মসজিদ ও মাজারে হামলা হতে পারে বলে গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে তা উঠে এসেছে বলেও জানান তিনি।

বেলা পৌনে ২টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাসরি বাদাঘাটে আসেন অর্থমন্ত্রী। পরে বিকাল ৪টার দিকে তিনি ফের হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।