শরীয়তপুরে খাল দখল, স্থাপনা নির্মাণ
শরীয়তপুর শহরের উপর বয়ে যাওয়া কয়েকটি খাল দখল করে তাতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাশালীদের বিরুদ্ধে।
দখলদাররা জমি ইজারা নিয়েছে বলে দাবি করলেও জেলা পরিষদ খাল দখল করে স্থাপনা নির্মাণের জন্য কাউকে জমি ইজারা দেয়নি বলে জানায়।
খালগুলো হলো শরীয়তপুর ডাকবাংলা-কোটাপাড়া খাল, ধানুকা-কাশাভোগ-আংগারিয়া খাল ও মনোহর বাজার-রুদ্রকর খাল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শরীয়তপুর ডাকবাংলা-কোটাপাড়া খালের উপর পাকা বাড়ি, দোকানপাট, দেওয়াল, ড্রেন ও আরসিসি কলামের উপর বহুতল ভবন নির্মাণ করেছে।
এদের মধ্যে রয়েছেন ভেদরগঞ্জ উপজেলার আকিজ সিমেন্টের পরিবেশক সোহাগ মাদবর, আনোয়ার মাদবর, মিজানুর রহমান, ছাত্তার বেপারী, হাকির বেপারী ও জামিলসহ শতাধিক প্রভাবশালী ব্যক্তি।
আংগারিয়া-মনোহর বাজার খালের উপর বহুতল ভবনসহ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এ কারণে কোটাপাড়া-ডাকবাংলো খালটির পানি নিষ্কাশন ব্যবস্থা দিন দিন সংকুচিত হয়ে আসছে।
এসব খাল আবদ্ধ হয়ে যাওয়ায় পৌর এলাকার স্বাভঅবিক জল চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে স্থানীয়রা আশংকা করছেন।
এছাড়া খালগুলোর উপর নির্ভরশীল বিভিন্ন ইরি ব্লকে পানি সবরাহ বন্ধ হওয়ায় আবাদে বিরূপ প্রভাব পড়ছে।
এ ব্যাপারে সোহাগ মাদবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ জায়গা আমার ব্যক্তি মালিকানার এবং জেলা পরিষদ থেকে লিজ নেওয়া। এ কারণে আমি প্রাচীর নির্মাণ করে বাড়ি করেছি।”
শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক মাস্টার মজিবুর রহমান বলেন, “আমরা খাল বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে এমন কাজ করার জন্য কাউকে লিজ বা বন্দোবস্ত দেইনি। কোথাও লিজ দিয়ে থাকলে ব্যবসা করার জন্য। বাড়ি পাকা স্থাপনা নির্মাণ করার জন্য লিজ দেওয়া হয়নি।”
উত্তর পালংয়ের বাসিন্দা আজিজুর রহমান বেপারী বলেন, সরকারি খালটি দখল করে দোকানপাট, দেওয়াল ও ড্রেন নির্মাণ করায় এলাকায় ‘চরম জলাবদ্ধতার’ সৃষ্টি হয়েছে। জনগণের স্বার্থে দ্রুত খালটি দখলমুক্ত করা দরকার।
কাশাভোগ এলাকার ওহাব মাদবর বলেন, যেভাবে সরকারি খালগুলো একের পর এক দখল হচ্ছে তাতে ইরি-বোরো আবাদ ব্যাহত হবে। হারিয়ে যাবে দেশি মাছ।
চরপালং এলাকার বাসিন্দা রাকিব মাদবর বলেন, শরীয়তপুর পৌরসভার মধ্যে সরকারি খালগুলো ভরাট হয়ে যাওয়ায় সমান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়।
