বাসচাপায় সাবেক এমপির স্বামী নিহত
দুর্ঘটনায় মন্ত্রীর ছেলে প্রাণ হারানোর ২৪ ঘণ্টার মধ্যে সড়কে বাসচাপায় প্রাণ হারিয়েছেন সাবেক এক আইন প্রণেতার স্বামী।
রোববার রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় দুর্ঘটনায় নিহত এমদাদুল হক সরকার (৬৫) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)।
অষ্টম সংসদে বিএনপির সংসদ সদস্য জাহান পান্নার স্বামী এমদাদের বাড়ি ওই এলাকাতেই।
দুপুরে বাজার থেকে রিকশায় করে বাসায় ফেরার সময় এমদাদুল দুর্ঘটনায় পড়েন বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিপরীত দিক থেকে আসা একটি বাস তার রিকশায় ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন ও বাসচাপায় আহত হন।”
স্থানীয়রা এমদাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
একদিন আগে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হন।
