বেতন বৈষম্য: মন্ত্রিসভার হস্তক্ষেপ চান রাবি শিক্ষকরা
অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে সৃষ্ট সংকট জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহা. রেজাউল করিম বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বেতন বৈষম্য নিরসন কমিটি গঠিত হয়।
“কমিটি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিল। এমনকি তারা ইতিবাচক কিছু সিদ্ধান্তও নিয়েছিল। কিন্তু তাদের সিদ্ধান্ত ও পরামর্শ উপেক্ষা করে অর্থমন্ত্রণালয় বিধিবহির্ভূতভাবে পে-স্কেল গেজেট প্রকাশ করেছে।”
গণমাধ্যমে পাঠানো অর্থমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিটি আসলে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গঠিত বেতন বৈষম্য নিরসন কমিটির প্রতি এক ধরনের অসম্মান বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমলারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো বেতনভুক্ত একটি পক্ষ।কাজেই জাতীয় পে-স্কেল বিষয়ে নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার নৈতিক বা আইনগত কোনো অধিকার আমলাদের থাকার কথা নয়।
এ বিষয়ে জনগণের প্রতিনিধি মন্ত্রীরা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবেন, কোনো সচিব কমিটির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মানবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে গত ৪ জানুয়ারি অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিজ্ঞপ্তিকে বিভ্রান্তিকর উল্লেখ করে তা প্রত্যাখ্যান করা হয়।
এছাড়া সরকারি কর্মমকর্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অর্থ উপার্জনের যাবতীয় বিষয় খতিয়ে দেখতে তদন্ত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা, সহ সভাপতি অধ্যাপক এম রফিকুল আহসান, যুগ্ম সম্পাদক শাতিল সিরাজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ফিরোজ আলম সরকার, অধ্যাপক আনসার উদ্দিন প্রমুখ।
