ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ভাংচুর, ফটকে তালা
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ ও ভাংচুর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
শনিবার দুপুরে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে সামনে বেঞ্চ পেতে অবরোধ করে রাখে তারা।
কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রলীগসহ সাধারণ ছাত্ররা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলেজে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ কার্যালয়ের সামনে কিছু ফুলের টব ও চেয়ার ভাংচুর করেছে।”
এ ব্যাপারে ছাত্র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র শান্ত ইসলাম বলেন, “ছাত্রলীগের ছেলেরা প্রথমে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে তার সামনে বেঞ্চ পেতে অবরোধ করে রাখে। পরে তারা বিক্ষোভ মিছিল করে।”
জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “প্রায় ১০ বছর ধরে কলেজে ছাত্র সংসদ নেই। ফলে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য কেউ কথা বলতে পারে না। এ কারণে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।”
রোববারের মধ্যে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না করলে ছাত্ররা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবে বলে জানান তিনি।
ছাত্রলীগের কর্মীদের ভাংচুর করার অভিযোগ অস্বীকার করে বলেন, “ছেলেরা শান্তিপূর্ণ উপায়ে প্রশাসনের নীরবতার প্রতিবাদ করেন মাত্র।”
নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে। দাবি দাওয়া আদায়ের জন্য ছাত্ররা একটু বিক্ষুব্ধ হয়েছিল। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।
