সিলেটে জোড়া খুন: গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
সিলেটের খাদিমনগর বিসিক শিল্প নগরীতে একটি বিস্কুট কারখানার দুই কর্মচারীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শনিবার দুপুরে বিসিক শিল্পনগরীর খদিমনগর এলাকায় সিলেট তামাবিল সড়ক ঘণ্টা খানেক অবরোধ করে রাখে তারা।
এ সময় ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শ্রমিকরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা জানান, বিস্কুট কারাখানায় দুইজন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী সড়ক অবরোধ করে।
“ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন।”
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনফুল ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী মো. রাজু ও আবু মিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন।
এ ঘটনায় আহত হয়েছেন রাসেল আহমদ নামের আরেকজন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে জোড়া খুনের ঘটনায় শুক্রবার রাতে রাজু মিয়ার ভাই মাসুদ পারভেজ শাহপরান থানায় মামলা করেন।
শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন জানান, মাসুদ মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করেছেন।
মামলার পর শুক্রবার রাতেই খাদিমপাড়া এলাকা থেকে এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করা হয় বলে ওসি জানিয়েছেন।
এরা হলেন পংকি মিয়া, রকি আহমদ ও জামাল আহমদ।
