নড়িয়ায় দুই অটোবাইকের সংঘর্ষে দাদা-নাতি নিহত
শরীয়তপুরে দুটি ব্যাটারিচালিত অটোবাইকের সংঘর্ষে একই পরিবারে দুইজন নিহত হয়েছেন, আহত হন একজন।
শুক্রবার শরীয়তপুর-নড়িয়া সড়কের শিরঙ্গল ছোট ব্রিজ এলাকায় পেয়াদা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নড়িয়া থানার ওসি ইকরাম আলী মোল্লা।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া গ্রামের আব্দুল আজিজ বেপারী (৫৫) ও তার নাতি মোক্তার হোসেন (৩)।
আহত একজনকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় মেলেনি।
ওসি ইকরাম জানান, আজিজ কয়েকদিন আগে ছেলের শ্বশুর বাড়ি মশুরা গ্রামে অসেন। দুপুরে নাতি মোক্তারকে নিয়ে অটোবাইকে করে চন্ডিপুর লঞ্চঘাটে দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
“এ সময় আব্দুল আজিজ তার নাতি মোক্তারসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আজিজের মৃত্যু হয়। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মোক্তারের মৃত্যু হয়।”
