জাতীয়তাবাদীদের জোয়ারে ঈর্ষান্বিত সরকার: রিজভী
জাতীয়তাবাদীদের জোয়ারে ঈর্ষান্বিত হয়ে সরকার তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিনও তারেক রহমানের অবৈধ সম্পদের খোঁজ পায়নি।
“আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থেকেছে, তখনও অবৈধ সম্পত্তির খোঁজ পায়নি। ভোটবিহীন নির্বাচনের দুই বছর পরেও দুর্নীতির খবর পাওয়া গেল না।
“৫ জানুয়ারি জনসভায় জাতীয়তাবাদীদের জোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের ঘোষণা দিয়েছে।”
দুদক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সম্পদের অনুসন্ধান করবে বলে বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
দুদক ‘সরকারের আজ্ঞাবহ’ প্রতিষ্ঠান বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত ‘উদ্দেশ্য প্রণোদিত ও দুরভিসন্ধিমুলক’ দাবি করে রিজভী এর প্রতিবাদ ও নিন্দা জানান।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, পৌর মেয়র একেএম মাহবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা প্রমুখ।
