নবাবগঞ্জে স্কুলের রেলিং ভেঙে ৬ ছাত্র আহত
ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের একটি পুরনো ভবনের রেলিং ভেঙে ছয় ছাত্র আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ছুটির পর হুড়োহুড়ি করে নামার সময় এ ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার।
আহত ছাত্ররা হলেন ষষ্ঠ শ্রেণির ছাত্র ইস্রাফিল (১৩), আহাদ (১৩), আবির হোসেন (১৩), রাতুল ইসলাম লিজন (১৩), সবুজ বাড়ৈ (১১) ও রাতুল হাসান (১২)।
তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটির ঘণ্টা পড়ার সাথে সাথে ছাত্ররা দোতলা থেকে একসঙ্গে হুড়োহুড়ি করে নামার সময় রেলিং ভেঙে চাপা পড়ে। শিক্ষকরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
“এ ঘটনায় কেউ গুরুতর জখম হয়নি। ছাত্ররা সবাই আশঙ্কামুক্ত।”
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় শত বছর আগে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
“ভবনটি পরিত্যক্ত করার সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে নতুন ভবন তৈরি করা হয়েছে। কিন্তু ঠিকাদার ভবনটি বুঝিয়ে না দেওয়ায় সেখানে ক্লাস শুরু করতে পারছি না।”
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
