হরতালে সচল বেনাপোল বন্দর
যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহালের প্রতিবাদে দলটির ডাকা হরতালে বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই বন্দরে পণ্য ওঠা-নামা ও যাত্রী পারাপার চলছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের কোনো প্রভাব এখানে নেই, রপ্তানি অন্যান্য দিনের মতো স্বাভাবিক।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম বলেন, হরতাল থাকলেও বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ইনকামিং পাসপোর্ট যাত্রীর সংখ্যা বেড়েছে, তবে আউটগোয়িং যাত্রী সংখ্যা অন্যদিনের মতোই।
ভারত-বাংলাদেশ যাত্রী পারাপারও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, হরতালে বন্দর এলাকাসহ শার্শার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হরতাল সমর্থকদের কাউকে মাঠে দেখা যায়নি, তবে নাশকতা এড়াতে বন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেওয়া মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
