গ্যাসের খোঁজে জামালগঞ্জে কূপ খনন
জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাখনিতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের সম্ভাবনা পরীক্ষার জন্য তিনটি কূপ খনন করা হচ্ছে।
গত মঙ্গলবার এই কয়লাক্ষেত্রের বড়মাঝিপাড়া এলাকায় কোর কূপ খনন উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এ খনন প্রকল্পে কয়লার নমুনা সংগ্রহ, কয়লার স্তরে গ্যাসের উপস্থিতি এবং পরিমাণ নির্ণয়ের জন্য সম্ভাব্যতা পরীক্ষা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
১৯৬২ সালে উন্নতমানের কয়লাখনির অনুসন্ধানে এখানে ১১টি ক্ষেত্র চিহ্নিত করা হয়। ওই সময় অনুসন্ধানী দলের তথ্য মতে এই কয়লাখনিতে এক হাজার মিলিয়ন টন উন্নতমানের কয়লা থাকার সম্ভাবনার কথা বলা হয়। অনুসন্ধানী দলের মতামতের ভিত্তিতে খনি এলাকায় ছয় একর জমি অধিগ্রহণ করে সরকার। স্বাধীনতা পরবর্তীতে ১৯৭৯ সালে অধিগ্রহণকৃত জায়গায় অতিথিশালা, স্টাফ কোয়ার্টার ও গুদাম নির্মাণ করা হয়। এরপর কাজ আর এগোয়নি।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, খনিতে কয়লার ফাঁকে আণুবীক্ষণিক স্তরে কী পরিমাণ মিথেন গ্যাস আছে তা পরীক্ষার জন্য গত বছরের ২১ জুন পেট্রোবাংলার সঙ্গে ভারতের মাইনিং অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের (এমএপিএল) একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এক বছরের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ টাকা, যা পেট্রোবাংলার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
“কূপ খননের স্থানগুলো হলো জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের লোকেশন কুপ-১, বিলাশবাড়ী গ্রামের লোকেশন কুপ-২ এবং আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের রূকন্দিপুর গ্রামের লোকেশন কুপ-৩।”
কয়লার নমুনা সংগ্রহ, কয়লার স্তরে গ্যাসের উপস্থিতি এবং পরিমাণ নির্ণেয়ের জন্য সম্ভাব্যতা পরীক্ষা করা কূপ খননের উদ্দেশ্য বলে জানান তিনি।
পেট্রোবাংলার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ বছর ধরে পৃথিবীতে সিবিএম পদ্ধতিতে মিথেন গ্যাস উত্তোলন করা হলেও বাংলাদেশে এটি প্রথম। এ পদ্ধতিতে এক মেট্রিন টন কয়লার স্তরে ৭-৮ কিউবিক মিটার গ্যাস পাওয়া গেলে বাণিজ্যিকভাবে তার উন্নয়ন ও উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
পেট্রোবাংলার প্রজেক্ট মনিটরিং কনসালটেন্ট গোলাম মুর্ত্তজা আহম্মেদ ফারুক বলেন, ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় তখনকার খনিজ ও জ্বালানি শক্তি কমিশন উন্নতমানের কয়লা খনির অনুসন্ধানে জামালগঞ্জে কয়লা সম্পদের ১১টি ক্ষেত্র চিহ্নিত করে।
“এসব উন্নতমানের কয়লা এ এলাকায় ৬৭০ থেকে ১০৬২ মিটার গভীরে রয়েছে। সে সময়কার অনুসন্ধানী দলের তথ্য মতে এই কয়লা খনিতে এক হাজার মিলিয়ন টন উন্নতমানের কয়লার মওজুদ রয়েছে।”
তিনি জানান, অনুসন্ধানী দলটির মতামতের ভিত্তিতে তখনকার সরকার খনি এলাকায় ৬ একর জমি অধিগ্রহণ করে। স্বাধীনতা পরবর্তীতে সরকার ১৯৭৯ সালে অধিগ্রহণকৃত জায়গায় অতিথিশালা, স্টাফ কোয়ার্টার ও গুদাম নির্মাণ করে।
জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটারলজির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামালগঞ্জ কয়লা খনির বিপুল পরিমাণ মজুদকৃত কয়লা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এবং এই উৎপাদিত বিদ্যুৎ রাজশাহী বিভাগের চাহিদা মিটিয়েও অতিরিক্ত থাকবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ গ্রিডেও সংযোগ দেওয়া যাবে।”
এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না বা ঘর-বাড়ি বা জনবসতি স্থানান্তরের প্রয়োজন হবে না বলে জানান তিনি।
কূপ খনন উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ, স্থানীয় সংসদ সদস্য শামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, বৈদেশিক পরামর্শক সুধাংসু অধিকারী প্রমুখ।
