সাতক্ষীরায় এক হিজড়াকে হত্যার অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার সিকড়া গ্রামে এক হিজড়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে আরেক হিজড়ার বিরুদ্ধে।
নিহত শিমুল (২২) ওই গ্রামের আব্দুল হাকিমের সন্তান।
বুধবার ভোরে এলাকাবাসী তার বাড়ির পাশের রাস্তায় মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদ শেখ বলেন, শিমুল হিজড়া হলেও সে পরিবারের সাথে বসবাস করতেন।
“এ ঘটনায় নিহতের ভাই আক্তার হোসেন সেলিম নামের এলাকার অপর এক হিজড়াকে আসামি করে একটি অভিযোগ করেছেন।”
হিজড়াদের রোজগারের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সেলিম শিমুলকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
শিমুলের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
