২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর রায়: ফরিদপুরে জামায়াতের মিছিলে জনতার ধাওয়া

সর্বোচ্চ আদালতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখার প্রতিবাদে ফরিদপুর শহরে একটি মিছিলের চেষ্টা ধাওয়া দিয়ে পণ্ড করেছে জনতা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 03:50 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

ঘটনাস্থল থেকে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার বেলা ১টার দিকে শহরের নিউ মার্কেট গেইট থেকে ঝটিকা মিছিলের চেষ্টা করলে উপস্থিত জনতা ও পুলিশ ধাওয়া করে বলে জানান কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দীন আহমেদ।

ওসি বলেন, মিছিল বের করার চেষ্টা করলে জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে আটক জামায়াত নেতা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউ মার্কেটের গেইট থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে নেতাকর্মীরা ২/৩ বার স্লোগান দিয়ে একটু সামনে গেলেই উপস্থিত জনতা ও আওয়ামী লীগের সমর্থকরা ইট-পাটকেল নিয়ে ধাওয়া করে।

এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা ছোটাছুটি করে পালিয়ে যায়।