২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহতের ঘটনায় ৪ মামলা

গাজীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহতের ঘটনায় চারটি মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 08:46 AM

Updated : 11 Oct 2022, 07:32 PM

জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন বুধবার থানায় বিস্ফোরক দ্রব্য, পুলিশ এসল্ট, অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলাগুলো করেন।

মঙ্গলবার রাত ১টার দিকে গাজীপুর সদর উপজেলার কাউয়ারবাদ এলাকার গজারী বনের ভেতর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন বলে জানান জয়দেবপুর থানার এএসআই হারুনুর রশিদ।

মনির হোসন গাজীপুর সিটি করপোরেশনের শালনা এলাকার কবির হোসনের ছেলে।

Image
নিহত মনির হোসেন

নিহত মনির হোসেন

পুলিশ বলছে, এ ঘটনায় জয়দেবপুর থানার এএসআই মোমিন মিয়া ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। তাদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএসআই হারুন বলেন, রাত ১১টার দিকে মাদক উদ্ধারের জন্য সদর উপজেলার হালডোবা এলাকার গজারী বনের ভেতর অভিযান শুরু করে জয়দেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল।

“এক পর্যায়ে গজারী বনের ভেতর থেকে দুটি গুলি, পাঁচটি হাতবোমা ও ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ মনিরকে আটক করে পুলিশ। তার সঙ্গে থাকা অন্তত পাঁচজন পালিয়ে যায়।

“রাত ১টার দিকে মনিরকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের গ্রেপ্তার করতে কাউয়ারবাদ এলাকার গজারী বনের ভেতরে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। এ সময় মনির গুলিব্দ্ধি হয়ে ঘটনাস্থলেই মারা যায়।”

মনিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে জয়দেবপুর থানায় ২৭টি মামলা রয়েছে বলে এএসআই হারুনুর রশিদ জানান।