২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার মেডিকেলে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

কক্সবাজার মেডিকেল কলেজের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভায় ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 07:30 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

সোমবার দুপুরে ছাত্রাবাসের ফরম বিতরণকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন চৌধুরী ও ছাত্রলীগ নেতা মোসাব্বির হোসেন তানিম পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান।

আহতরা হলেন- রিপন চৌধুরীর অনুসারী তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা ইমন, মোহাম্মদ হোসাইন, দ্বিতীয় বর্ষের সুদীপ্ত ঘোষ ও মোসাব্বির হোসেন তানিমের অনুসারী চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, রোববার ছিল প্রথমবর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা। কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

অধ্যক্ষ বলেন, অনুষ্ঠান শেষে কলেজের ব্যবস্থাপনায় পরিচালিত ছয়টি ছাত্রাবাসের ফরম শিক্ষার্থীদের মাঝে বিতরণের সময় ছাত্রলীগের বিবাদমান দুপক্ষ রড ও লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়।

কলেজে ছাত্রলীগের কোন কমিটি নাই বলেও জানান তিনি।

ওসি মো. আসলাম হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।