নৌকায় সিল মারা ১৭ ব্যালট উদ্ধার
বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ব্যালট পেপার পাওয়া গেছে, যাতে নৌকা প্রতীকের উপর সিল মারা রয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ব্যালটগুলো উদ্ধার করে বলে বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন জানান।
তিনি বলেন, “ব্যালট পেপারের পেছনে কোনো সিল বা স্বাক্ষর নেই, তবে নৌকা প্রতীকে সিল মারা রয়েছে। ব্যালটগুলো জব্দ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।”
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের বরগুনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট লুটের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, “একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। কে বা কারা ব্যালট পেপার ফেলে রেখেছে তদন্ত না করে বলা যাবে না।”
