পাবনায় ভুয়া চিকিৎসক আটক
পাবনা শহরে ভুয়া চিকিৎসক হিসেবে সাবেক এক সেনা সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে শহরের ইছামতি ক্লিনিক থেকে আটককৃত মো. গোলাম মোস্তফা (৪৪) আগে সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং র্যাবেও যুক্ত ছিলেন বলে জানিয়েছেন র্যাবের পাবনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার এএসপি আব্দুল হাই সরকার।
আটককৃত মোস্তফা খুলনার আরামঘাটা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরকারের ছেলে।
তাকে আটকের সময় অপর ভুয়া চিকিৎসক ও ওই ক্লিনিকের মালিক আব্দুর রহমান পালিয়ে যায় বলে জানিয়েছেন এএসপি আব্দুল হাই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘দীর্ঘ দিন ধরে পাবনা শহরের ইছামতি ক্লিনিকে ওই ভুয়া চিকিৎসক রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল।
‘র্যাব সদস্যরা রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে তাকে আটক করে।’
পাবনা ছাড়াও সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও মোস্তফা এমন প্রতারণা করেছে বলে র্যাবের কাছে তথ্য আছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার সিভিল সার্জন ডা. শহীদ মো. সাদিকুল ইসলাম বলেন, ‘কথিত চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা একটি গর্হিত কাজ। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি জানান, ক্লিনিকগুলো অনুমোদন নেওয়ার সময় ২৪ ঘণ্টার সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনুমোদন নিলেও বাস্তবে কিছুই করে না। ওই ক্লিনিককে ২৪ ঘণ্টা চিকিৎসক না থাকায় শোকজ করলে তারা মুচলেকা দিলেও তা বাস্তবায়ন করে নাই।
ক্লিনিকটির পাশ্ববর্তী শালগাড়িয়া মহল্লার ব্যবসায়ী হাফিজ রতন দাবি করেন, ইছামতি ক্লিনিকে এর আগেও এ ধরনের চিকিৎসক দিয়ে চিকিৎসার কাজ চালানো হয়। লেখাপড়া না জানলেও ক্লিনিক মালিক আব্দুর রহমান বিভিন্ন সময়ে রোগী দেখে থাকেন।
