২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস উল্টে মাগুরায় ব্যাংক কর্মকর্তা নিহত

মাগুরা শহরের ভায়না এলাকায় বাস উল্টে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 11:09 AM

Updated : 20 Aug 2022, 11:29 AM

নিহত রাকিবুল ইসলাম (২৮) মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় কর্মরত ছিলেন।

মাগুরা সদর থানার ওসি আজমল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভায়নার মোড় বাসস্ট্যান্ড থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই টেক্সটাইল মিলের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

এতে রাকিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান।

এ সময় কমপক্ষে ১২ জন আহত হন। আহত ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাকিবুলের বাড়ি মাগুরা সদর উপজেলার ওমেদপুর গ্রামে।

বাসের যাত্রী উত্তম রায়সহ কয়েকজন বলেছেন, বাসটি একজন অল্পবয়স্ক হেলপার প্রচণ্ড গতিতে চালাচ্ছিলেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ড্রাইভিং লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাচ্ছিলেন কি না তা তদন্ত করে দেখা হবে বলে ওসি জানান।