২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জন্মদিনে পল্লীকবিকে স্মরণ

নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে ফরিদপুরে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 01:39 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

এ উপলক্ষে শুক্রবার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির বাড়িতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকালে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তার বাড়ির আঙিনায় আলোচনা সভা হয়। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশীদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কেএম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সবাই দোয়া মাহফিলে অংশ নেন।

১৯০৩ সালের এই দিনে ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে কবির জন্ম হয় জসীমউদ্দীনের। আর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈত্রিক বাড়িতে কবিতায় বলা  সেই ‘ডালিম গাছের নিচে’ চিরনিদ্রায় শায়িত তিনি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়ার সময় দীনেশচন্দ্র সেনের উৎসাহে পল্লিসাহিত্য সংগ্রহের মধ্য দিয়ে জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতায় যোগ দিলেও পরে কাজ করেন সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে। জসীমউদ্দীনের কবিতায় পল্লিপ্রকৃতি ও গ্রামবাংলার সহজ জীবনের চিত্র ফুটে ওঠে বলে তাকে বলা হয় পল্লীকবি।

কবিতা ছাড়াও গাথাকাব্য, খণ্ডকাব্য, নাটক, স্মৃতিকথা,  শিশুসাহিত্য, গল্প ওউপন্যাস লিখেছেন জসীমউদ্দীন। তার লেখা কবিতা ‘কবর’ যখন প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়, তখনও তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পল্লী কবি আমাদের মাটি ও মানুষের কবি । তার জন্মদিন স্মরণে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন প্রতিবছরই নানা কর্মসূচির আয়োজন করে থাকে।”

কবির জন্মদিন উপলক্ষে অন্য বছরের মতো এবারও ১৫ জানুয়ারি থেকে পক্ষব্যাপী ‘জসীম পল্লী মেলার’ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।