২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর নিখোঁজ শ্রমিকদল নেতার লাশ মিলল বরগুনায়

পটুয়াখালী শ্রমিকদল নেতা খন্দকার মিজানুর রহমান বাবুর লাশ পাওয়া গেছে বরগুনার আমতলী পৌর শহরের এক রাস্তায়; তিনি আগের দিন থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের অভিযোগ।

পটুয়াখালী প্রতিনিধি

বরগুনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 11:20 AM

Updated : 20 Aug 2022, 11:28 AM

আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের পল্লবী এলাকার রাস্তার পাশে লাশটি পাওয়া যায়।

“নিহতের গলায় একটি জ্যাকেট প্যাঁচানো ছিল। এছাড়া শরীরের আর কোথাও জখমের চিহ্ন নেই। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে।”  

নিহত মিজান (৪০) পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন তার বোনের স্বামী জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।

পেশায় ঠিকাদার মিজানের বাড়ি পটুয়াখালী জেলা সদরের আরামবাগ এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে তার বোন সালেহা আক্তার কলি জানান।

“আমরা পুলিশের কাছ থেকে খবর পেয়ে বরগুনায় এসেছি।”

ওসি পুলক জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।