নির্বাচনী উত্তাপ: কচুয়ায় পুলিশের ফাঁকা গুলি
চাঁদপুরের কচুয়া পৌরসভায় নির্বাচনের ফল নিয়ে বিতর্কের জের ধরে দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে বলে কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে কচুয়া বাজারের সাবেক কোর্ট বিল্ডিংয়ের কাছে এ ঘটনা ঘটে
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও পরাজিত প্রার্থী কামাল হোসেন গাজীর সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের ফলাফল নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
“এক পর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।”
সংঘর্ষে হালিম মিয়া (৩০), নয়ন বেগম ((৩০) ও ফারুকসহ (২৮) কয়েকজন আহত হন। তাদের মধ্যে হালিমকে কুমিল্লায় পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। তবে পুলিশ তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
