পুনর্নির্বাচনের দাবি পাবনা আওয়ামী লীগের
পাবনা পৌরসভায় পুনর্নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একদল নেতা-কর্মী।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পৌরনির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী রকিব হাসান টিপুর নেতৃত্বে কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণ দাবি করে।
এ সময় ঢাকা-পাবনা মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
অবরোধকালে তিনি সাংবাদিকদের বলেন, “জেলা প্রশাসনের মাধ্যমে ষড়যন্ত্র করে নির্বাচনের ফল পরিবর্তন করা হয়েছে।”
পরে বেলা ৩টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনেও টিপু একই দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
