শ্রীপুরে টানা তিনবার আনিছুর
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগের মো. আনিছুর রহমান মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে মো. আনিছুর রহমান পান ২৬ হাজার ৩৩৪ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল্লাহ শহিদ পান ১৬ হাজার ১২১ ভোট।
বিজয়ী আনিছুর রহমান এর আগেও পর পর দুইবার শ্রীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারও শ্রীপুর পৌরসভার তৃতীয় নির্বাচনে মেয়র পদে তার বিজয় অক্ষুন্ন রয়েছে।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বীতা করেন, গাজীপুর জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিছুর রহমান, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল্লাহ শহিদ, শ্রীপুর পৌর জাসদের সভাপতি মো. আবুল কাসেম এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি স্বতন্ত্রপ্রার্থী মো. আহসান উল্লাহ।
এ পৌরসভায় মোট ভোটার ৫৮ হাজার ৭০ জন। মোট ২২টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
