আটকে গেল উলিপুরের ফলাফল
কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি। সেখানে মেয়র পদে বিএনপির প্রার্থী তারিক আবুল আলা এগিয়ে আছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আরও জানান, বিএনপির প্রার্থী তারিক আবুল আলা পেয়েছেন ৭ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজাদুর রহমান সাজু (নারিকেল গাছ) পেয়েছে ৫ হাজার ৫৮৮ ভোট।
দু প্রার্থীর ভোটের ব্যবধান ২ হাজার ১৭৯ ভোট। আর স্থগিত কেন্দ্র দুটির ভোট সংখ্যা ৩ হাজার ৮৯৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত কেন্দ্র দুটির ভোট সংখ্যা বেশি হওয়ায় ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।
এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ সরকার নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ১৫৫ ভোট এবং এ কে এম সফিকুল ইসলাম দারা লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের আব্দুল হামিদ সরকার, একই দলের বিদ্রোহী প্রার্থী সাজেদুল ইসলাম সাজু, বিএনপির তারিক আবুল আলা চৌধুরী, জাপার এ কে এম সফিকুল ইসলাম দারা, জেপির মোজাম্মেল হক মানিক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাহাঙ্গীর আলম।
এ পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৬২৪ জন। মোট ১৮টি কেন্দ্রের ১৬টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, উলিপুর পৌরসভার মদিনাতুল দাখিল সিনিয়র মাদ্রাসায় ব্যালট পেপার ছিনতাই এবং নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ভোট দেওয়াকে কেন্দ্র সংর্ঘষের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বিগত নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল হামিদ সরকার এখানে মেয়র নির্বাচিত হয়েছিলন।
