২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেলা আড়াইটায় শতভাগ ভোট

বেলা আড়াইটার আগে ১০০ ভাগ ভোট পড়ায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সোহেল হাসানের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ভোট বাতিলের এ ঘোষণা দেন।

এডিএম সোহেল হাসান জানান, “ভোটগ্রহণ শেষে গণনা শুরু হওয়ার কথা থাকলেও বেলা আড়াইটার দিক থেকে কেন্দ্রটিতে ভোট গণনা শুরু হয়। প্রায় ১০০ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হওয়ায় স্ট্রাইকিং ফোর্সের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছে।

“অস্বাভাবিক ভোটগ্রহণ এবং নির্ধারিত সময়ের আগেই ভোট গণনা শুরু করায় এমএম কলেজের একটি কেন্দ্রের (পুরুষ) ভোট বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী এই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ করা হবে।”

তবে এমএম কলেজের নারী কেন্দ্রের ভোট গণনা চলছে বলে জানান তিনি।

মঙ্গলবার মধ্যরাত থেকে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা এমএম কলেজ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে ব্যালটে ইচ্ছামতো সিল মেরে বাক্স ভরেছে বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম।

ওই রাতে একদল মিডিয়া কর্মী কেন্দ্রটিতে গেলে দুর্বৃত্তরা তাদের ধাওয়া করে।

বিএনপি প্রার্থী বলেন, “রাতে এ বিষয়ে কোতয়ালি থানার ওসি শিকদার আককাছ আলীর কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছিলেন। অভিযোগ পাওয়ার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার মধ্যে এই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় সন্ত্রাসীরা। তারা অস্ত্রের মুখে ভোটারদের হটিয়ে দিয়ে জাল ভোট দেয়।